ইউপি কার্যালয়ে নাশকতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের (ইউপি) গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তালা ভেঙে কার্যালয়ে ঢোকে। পরে আলমারি ভেঙে দলিল ও নথি তছনছ করা হয়। গত তিন বছরে এই কার্যালয়ে নাশকতার এটি তৃতীয় ঘটনা।
এর আগে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর এই ইউপি কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। তখন দুর্বৃত্তরা পরিষদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া ২০১৪ সালে জামায়াতের হরতাল চলাকালেও ইউপি কার্যালয়ে হামলা হয়।
সর্বশেষ নাশকতার ঘটনায় গতকাল সোমবার কোম্পানীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান নূর নবী চৌধুরী বাদী হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিরাজপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী প্রথম আলোকে বলেন, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।