ইউপি কার্যালয়ে সদস্যকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক ইউপি সদস্য ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই নারী ইউপি সদস্য। পুলিশ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের শিকার ইউপি সদস্যকে গতকালই রাজশাহী মেডিকেল কলেজের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এজাহারে বলা হয়, কথা বলার জন্য ওই ইউপি সদস্য তাঁকে (বাদী) কক্ষের ভেতরে ডেকে নেন। আর বাইরে থেকে চেয়ারম্যান তালা লাগিয়ে দেন। এ অবস্থায় ওই সদস্য তাঁকে ধর্ষণ করেন।

রহিদুল ইসলাম (২৫) নামের এক তরুণ বলেন, গতকাল দুপুরে ওই ইউপি কার্যালয়ে পাটের বীজ আনতে গিয়ে তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর স্থানীয় লোকজনকে খবর দেন। লোকজন এসে ওই কক্ষ তালাবদ্ধ অবস্থায় পান। জানালা দিয়ে তাঁরা ভেতরে এক ইউপি সদস্য ও ওই নারী ইউপি সদস্যকে দেখতে পান। এ পর্যায়ে তাঁরা পুলিশে খবর দেন।

থানাহাজতে আটক থাকার কারণে ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ওই নারী সদস্যকে ধর্ষণের পরিকল্পনা করেন। ইউপি সদস্য ওই নারীকে ধর্ষণ করেন। স্থানীয় লোকজন ঘেরাও করায় চেয়ারম্যান তাঁকে ধর্ষণ করতে পারেননি। পুলিশ ইউপি ভবনের ওই কক্ষ থেকে ধর্ষণের আলামত জব্দ করেছে। ওই নারী সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।