ইউপি চেয়ারম্যানের জমিতে কাজ করায় মজুরি কর্তন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অন্য একটি প্রকল্পের ২০ জন শ্রমিককে দিয়ে নিজের জমিতে কাজ করান। এ কারণে ওই শ্রমিকদের এক দিনের মজুরি কাটা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় পূর্ব জুড়ীতে পাঁচটি প্রকল্পের কাজ গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়। দৈনিক ২০০ টাকা মজুরিতে (সপ্তাহে পাঁচ দিন) ১৬০ জন শ্রমিক এসব প্রকল্পে কাজ করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও শ্রমিক সূত্রে জানা গেছে, পূর্ব জুড়ীর ১ নম্বর ওয়ার্ডে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কোনো প্রকল্পের কাজ নেই। ওই ওয়ার্ডের দক্ষিণ বড় ধামাই গ্রামে ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের বাড়ি। তিনি ৯ ও ১০ জানুয়ারি ৯ নম্বর ওয়ার্ডের একটি প্রকল্পের ২০ জন শ্রমিককে এনে বাড়ির পাশের নিজের জমির আইল তৈরি করান। পরে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পিআইওর কাছে মৌখিক অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে পিআইও মো. শিমুল আলী ১১ জানুয়ারি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। এরপর সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকদের এক দিনের মজুরি কেটে দেন।
ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন ওই শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা অস্বীকার করে জানান, পাশের একটি বাড়ির লোকজনের চলাচলের সুবিধার্থে রাস্তা করে দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকদের দিয়ে দক্ষিণ বড় ধামাই মসজিদের সীমানাপ্রাচীরের পাশে মাটি ভরাটের কাজও করানো হয়েছে।
পিআইও জানান, প্রকল্প এলাকার বাইরে কাজ করায় ওই ২০ জন শ্রমিকের এক দিনের মজুরি কেটে দেওয়া হয়েছে।