ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফের ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। ৭ জুলাই ওই ইউনিয়নের ১১০০ জেলে পরিবারের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ ও ১৮৭ জন দুস্থ নারীর জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ৯৩ দশমিক ৬১ মেট্রিক টন চাল এলাকায় নেওয়া হয়। কিন্তু চাল বিতরণের আগেই এলাকার লোকজন চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ ও ভিজিডির চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন।
৭ জুলাই চরমোন্তাজ স্লুইস বাজারের বাসিন্দা মো. মোশারেফ হোসেন খান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নজরুল ইসলামের বিরুদ্ধে চাল আত্মসাতের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন বিতরণের জন্য নেওয়া চাল জব্দ করে একটি গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেয়।
গত রোববার বিকেলে রাঙ্গাবালীর ইউএনও মো. ফরিদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ উপস্থিত থেকে জব্দ করা চাল মেপে যাচাই করেন।
এ ব্যাপারে জানতে চাইলে তপন কুমার ঘোষ বলেন, ‘চরমোন্তাজ ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফ ও দুস্থ নারীদের জন্য বরাদ্দ দেওয়া চালের পরিমাণ ৯৩ দশমিক ৬১ মেট্রিক টন হওয়ার কথা। কিন্তু আমরা ৯০ দশমিক ৩৭ মেট্রিক টন চাল পেয়েছি। বাকি প্রায় সোয়া তিন মেট্রিক টন চাল পাওয়া যায়নি।’
নজরুল ইসলাম তাঁর বিরুদ্ধে করা চাল আত্মসাতের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, ‘খাদ্যগুদাম থেকে গাড়ি ও ট্রলারে করে চালগুলো এলাকায় পৌঁছাতে হয়। এ ক্ষেত্রে ঘাটতি হওয়া স্বাভাবিক। আর এ ঘাটতির কারণেই চাল কম হয়েছে।’
রাঙ্গাবালীর ইউএনও মো. ফরিদ উদ্দিন বলেন, এলাকার লোকজনের পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে চরমোন্তাজ ইউনিয়নের জেলে ও দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া চাল জব্দ করে তা মেপে যাচাই করে দেখা হয়েছে। চালের হিসাবে গরমিল ধরা পড়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।