ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ওই ইউপির পাঁচজন সদস্য।
গতকাল শনিবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, গত এক বছরে ঘর-বাড়ি ও দোকানের কর আদায়ের সাড়ে তিন লাখ টাকার মধ্যে মাত্র ৫০ হাজার টাকা পরিষদের তহবিলে জমা দিয়ে অবশিষ্ট টাকা চেয়ারম্যান মিজানুর রহমান আত্মসাৎ করেছেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের অধীনে থাকা পাঁচটি খোঁয়াড়ের বাির্ষক ডাকের পুরো টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। ২০১৪-১৫ অর্থ বছরে তিনটি প্রকল্পের (কাবিখা, টিআর) বরাদ্দ ২৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়নি। এর কোনো হিসাবও তিনি দেননি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের লোকজনকে বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান করে কাজ না করেই পুরো টাকা চেয়ারম্যান আত্মসাৎ করেছেন।
এ ছাড়া ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির মাটি কাটার কাজ নিয়ম অনুযায়ী না করে চেয়ারম্যান ওই শ্রমিকদের দিয়ে নিজের জমির বোরো ধান কাটিয়েছেন। দক্ষিণবাড়ি মৌজা থেকে বসন্তপুর হাট পর্যন্ত রাস্তার পাশের দেড় শতাধিক গাছ কেটে কিছু গাছ ইউপি কার্যালয়ে রেখে বাকি গাছগুলো স্থানীয় বসন্তপুর হাটে কিছুদিন মজুত রেখেছিলেন। এরপর আড়াই লাখ টাকায় গাছগুলো বিক্রি করলেও কোনো টাকা পরিষদের তহবিলে জমা করেননি।
অন্যদিকে পলাশবাড়ী মুন্সির মোড় থেকে মণ্ডলপাড়া পর্যন্ত রাস্তার দুপাশের গাছগুলো দুই লাখ টাকায় বিক্রি করে ক্রেতাদের কাছ থেকে ৬০ হাজার টাকা কমিশন নিয়েছেন মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইউনিয়নের উন্নয়নের টাকা কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা বেশির ভাগ ইউপি সদস্য জানেন না। জানতে চাইলে তাঁদের গালমন্দ ও নানাভাবে হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন, বাবুল হোসেন, আজহার আলী, মোকাররম হোসেন, আঞ্জুয়ারা বেগমসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনসুর আলী, ওসমান গনি ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে তাঁর মুঠোফোনে চার-পাঁচবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।