ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত নারীসহ আহত ৫
সড়কের মাটি কাটাকে কেন্দ্র করে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরবেশ আলী গতকাল শনিবার লাঞ্ছিত হয়েছেন। এ সময় এক নারী শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন। পরে অভিযুক্ত এক ব্যক্তিকে ওই চেয়ারম্যানের লোকজন গলায় জুতার মালা পরিয়ে স্থানীয় বাজারে ঘুরিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দাতাগোষ্ঠী ও স্থানীয় সরকারের অর্থায়নে অতিদরিদ্র কর্মসূচি (কানট্রি) প্রকল্পের আওতায় রৌমারীর যাদুরচর ইউনিয়নের লালকুড়া খেয়াঘাট থেকে খেয়ারচর বিওপি পর্যন্ত গতকাল সকাল ১০টার দিকে ৭৫০ জন নারী ও পুরুষ শ্রমিক সড়ক সংস্কারের কাজ করছিলেন। এ সময় লালকুড়া গ্রামের মতিয়ার রহমান (৪৫) ও আজাহার আলী (৪০) শ্রমিকদের কাজে বাধা দেন। তাঁরা তাঁদের জমি থেকে মাটি কাটার অপরাধে নারী শ্রমিক জামিলাকে (৪৫) গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। শ্রমিকেরা ঘটনাটি ইউপি চেয়ারম্যান সরবেশকে জানান। চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানান। এতে কথা-কাটাকাটির একপর্যায়ে মতিয়ার ও আজাহার চেয়ারম্যানকে লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ শ্রমিকেরা মতিয়ারকে ধাওয়া দিলে তিনি পাশের খায়ের উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির মালিক এবং মতিয়ারের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক আবদুর সবুর (৪০), জমিলা (৪৫), মতিয়ার রহমান, আজাহারসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের পর অভিযুক্ত মতিয়ারকে বিক্ষুব্ধ শ্রমিক এবং চেয়ারম্যানের লোকজন পাশের সায়দাবাদ বাজারে নিয়ে আসেন। পরে তাঁরা তাঁর গলায় জুতার মালা পরিয়ে বাজারে ঘোরান। পরিস্থিতি সামাল দিতে রৌমারী থানা থেকে পুলিশ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে আসেন। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি একপর্যায়ে নিয়ন্ত্রণে আসে।
অভিযুক্ত মতিয়ার বলেন, ‘শ্রমিকেরা জোর করে আমার ও আজাহারের জমিতে মাটি কাটতে গেলে আমি বাধা দিই। এতে শ্রমিকেরা আমার ওপর হামলা করে। তারা প্রকাশ্য বাজারে আমার গলায় জুতার মালা পরায়।’ তবে ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ‘একজন নারী শ্রমিককে মারধরের কথা শুনে আমি ঘটনাস্থলে আসি। এ সময় মতিয়ারের লোকজন উত্তেজিত হয়ে আমাকে মারতে আসে। ধাক্কাধাক্কি করে। পরে ক্ষুব্ধ লোকজন মতিয়ারকে বাজারে নিয়ে এসে অপদস্থ করার চেষ্টা করলে আমি বাধা দিই।’
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মজিবর বলেন, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের মধ্যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। পরে উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।