ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রকল্পের অর্থ আত্মসাৎ করায় রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, রায়পুর ইউপির চেয়ারম্যান আনিছুর ২০১৫-১৬ অর্থবছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-২ (এলজিএসপি)-এর প্রথম কিস্তির ৬ লাখ ৬ হাজার ৮৭৫ টাকা ও দ্বিতীয় কিস্তির ৯ লাখ ৮৯ হাজার ৫৩২ টাকা উত্তোলনের পর কাজ না করে ভুয়া প্রকল্প দেখিয়ে তা আত্মসাৎ করেন। তদন্তে তা প্রমাণিত হয়েছে। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ (১) এর ক্ষমতাবলে ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে কেন ওই ইউপি চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই তারিখে উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত আরেকটি চিঠিতে রংপুরের জেলা প্রশাসককে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে জানাতে বলা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বিরোধীপক্ষের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। চিঠি পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ গতকাল শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার কথা শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো আদেশ পাইনি।’