ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহাবুদ্দিন আহমেদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বাশাইর এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যানের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত আহ্বায়ক রুবেল আহমেদসহ ১০-১২ জনের একটি সশস্ত্র দল ইউনিয়ন পরিষদের সামনে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইউপি চেয়ারম্যান সাহবুদ্দিন আহমেদ পরিষদ থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাঁর ডাক-চিৎকারে বাশাইর বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে ওই যুবকেরা কয়েকটি ফাঁকা গুলি নিক্ষেপসহ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এতে ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরে যুবকেরা চলে গেলে স্থানীয় ব্যক্তিরা সাহবুদ্দিনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ কুমার বণিক বলেন, রোগীর হাত, ঘাড় ও মাথায় গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিতে বলা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।