ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে গৌরীপুর পৌর শহরের কালিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম (৪০) ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে একজনকে আটক করেছে।

পুলিশ ও চেয়ারম্যানের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শহীদুল ইসলাম গৌরীপুর পৌর শহরের কালিপুর এলাকার নিজের বাড়িতে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জরুরি প্রয়োজনের কথা বলে তাঁকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যান। ওই সময় তারা রামদা দিয়ে তাঁর হাতে ও পায়ে কোপায়। তাঁর চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন বের হয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাঁকে পময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজধানীর পঙ্গু (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) হাসপাতালে ভর্তি করা হয়।