ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, দুজন গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাবুদ্দিন আহমেদকে (৫০) কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে চেয়ারম্যানের ভায়রা জাফর আহমেদ চৌধুরী মামলাটি করেন।
এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বরুণ এবং জেলা যুবলীগের সাবেক সদস্য মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শনিবার দুপুরে বাহাদুরসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত আহ্বায়ক রুবেল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগ নেতা জাকারিয়া, ইমরানসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল শাহাবুদ্দিন আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলে সুব্রত ও রুবেল কয়েকটি ফাঁকা গুলি করেন এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় সোমবার রাতে জাফর আহমেদ চৌধুরী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই কালীগঞ্জ থানা-পুলিশ ও ডিবি যৌথ অভিযানে আসাদুজ্জামান বরুণ ও মোজাম্মেল হককে আটক করে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।