ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আজ সোমবার দুপুরে জেলা শহরের মাইজদী কোর্ট এলাকা থেকে সুধারাম থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আবদুর রহমানকে সুধারাম থানায় হস্তান্তর করেছে দুদক। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা করা হয়েছে। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান এ মামলা করেন। আবদুর রহমান একই সঙ্গে ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতিও।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, দুদক আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ওই মামলা দায়ের এবং চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।