সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল আলম ছুরিকাহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলা পরিষদ এলাকায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে এক বখাটে তাঁকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়জুল গতকাল দুপুরে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। মধ্যাহ্নবিরতির সময় স্থানীয় উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের বাড়িতে যাচ্ছিল। উপজেলার নয়াহালট গ্রামের সজিবুর রহমান ওরফে সজিব (২২) নামের এক বখাটে মোটরসাইকেলে চড়ে ওই ছাত্রীদের পিছু নেন। ওই সড়কে একাধিকবার চক্কর দেন ও ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি চেয়ারম্যানের নজরে এলে তিনি সজিবের গতিরোধ করেন। এভাবে ওই রাস্তায় বারবার চক্কর দেওয়ার কারণ জানতে চান। ছাত্রীদের আর উত্ত্যক্ত না করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সজিব ও তাঁর কয়েকজন ভাই এসে চেয়ারম্যানের ওপর হামলা করেন। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।