ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনার মামলায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহকে লাঞ্ছনার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসানকে লাঞ্ছনার অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত আসামি সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল অভিযান চালিয়ে হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সজীবের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারামারি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে। তাঁকে গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। সজীব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা।

গত ৩০ জানুয়ারি সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বয় কমিটির সভা শেষে গাড়িতে ওঠার সময় সাত-আটজনের একটি দল ইউপি চেয়ারম্যান জাহিদ হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।