ইউপি চেয়ারম্যানকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরাজুর রহমান ওরফে রাজুকে (৩০) হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের বলাকা ক্লাব সড়কের মসজিদে মাগরিবের নামাজ শেষে মিজানুর রহমান বাসায় ফিরছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মিরাজুর রহমানকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা মিরাজুর রহমানকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মিরাজুর রহমানের ছোট ভাই মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, মিরাজুর রহমানের মাথায় তিনটি ও পিঠে একটি ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাতুড়িপেটায় তাঁর বাম হাত ভেঙে গেছে এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। মিরাজুর রহমান গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসতিয়াক আহমেদ বলেন, মিরাজুর রহমানের মাথা ও পিঠে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। জখমগুলো গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ প্রথম আলোকে রাত পৌনে আটটায় বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।