ইউপি চেয়ারম্যানসহ আটক ৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের বারোবাজারের একটি মাছের আড়ত থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বারোবাজার ইউপির চেয়ারম্যান ও বারোবাজার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৫), তাঁর ভাই আবদুস সালাম (৩৫), ফরহাদ রেজা (৩২), বাদুরগাছা গ্রামের উজ্জ্বল শিকদার (২৪) ও মিঠাপুকুর গ্রামের সুমন হোসেন (২৫)।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার মাছের আড়তে অভিযান চালিয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তাঁর দুই ভাইসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০ বোতল ফেনসিডিল, ২৫০টি ইয়াবা বড়ি, দুটি ককটেলসদৃশ বস্তু, আটটি মোবাইল ও নগদ দুই হাজার টাকা। তাঁরা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।