লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে গত রোববার পুলিশের ওপর হামলা করে হত্যা মামলার আসামিকে ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ বাদী হয়ে রোববার রাতেই এ মামলা দায়ের করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুল হককে প্রধান আসামি এবং সদস্য কালু মিয়াসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় আটক করা ১০ জনের মধ্যে চারজনকে ছেড়ে দিয়ে মজিবুল হকসহ ছয়জনকে গতকাল গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এদিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার পর পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে ‘ডাকাত মিঠু’কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, রোববার বিকেলে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মজিবুল হকের নেতৃত্বে একটি গ্রাম্য সালিস চলছিল। ওই সালিসে হত্যা মামলার আসামি পশ্চিম করপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে ‘ডাকাত মিঠু’ উপস্থিত আছে—এ খবর শুনে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান ও ‘ডাকাত মিঠু’র লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে মিঠুকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে চেয়ারম্যান মজিবুল হক ও মিঠুর লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, মামলা হয়েছে। ডাকাত মিঠু ও অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং পুলিশের হ্যান্ডকাপ উদ্ধারে অভিযান চলছে।