ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সরকারি কর্মকর্তাকে মারধর
মানিকগঞ্জের ঘিওরের সিংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা ও এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন সাংবাদিককেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘিওর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবদুল আজিজের বিরুদ্ধে কাবিখা, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প, ভিজিডি কার্ড বিতরণসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেন। গতকাল সকালে ইউএনওর নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ এলাকায় তদন্তে যান। তদন্ত শেষে দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাকেজকে নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন ইশতিয়াক। পথে সিংজুরী বাজারের পাশে গণসিংজুরী এলাকায় আবদুল আজিজের উপস্থিতিতে তাঁর ছেলে দুলাল হেসেন ও ছেলের সহযোগী শহিদুল ইসলাম, সবুজ মিয়াসহ আরও কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা ওই কর্মকর্তাকে মোটরসাইকেল থেকে লাথি মেরে ফেলে দেন। এরপর ইউপি সদস্যকে বেদম মারপিট করা হয়। এতে তাঁর (ইউপি সদস্য) বাঁ হাতে প্রচণ্ড আঘাত লাগে।
তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে দৈনিক সংবাদ-এর ঘিওর উপজেলা প্রতিনিধি রামপ্রসাদ সরকার, ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি শফি আলম ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যান। এ সময় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুলাল ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেন। এ সময় হামলাকারীরা সালাউদ্দিনকে মারধর ও তাঁর ক্যামেরা ছিনিয়ে নেন।
এসব অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের মারধর করা হয়নি। তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। এ ছাড়া ইউপি সদস্য আবদুল বাকেজকে মারধরের সঙ্গে তিনি ও তাঁর ছেলে জড়িত নন। কে বা কারা ইউপি সদস্যকে মারধর করেছে, তা তাঁর জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও শামীমা খোন্দকার বলেন, ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করার জন্য ওই কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে তাঁকে লাঞ্ছিত করা হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে যোগাযোগ করলে ঘিওর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পেশাগত কাজে বাধা ও লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সালাউদ্দিন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।