ইউপি চেয়ারম্যানের ওপর হামলায় যুবলীগের নেতার বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের ওপর গত মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ ছয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
রবীন্দ্রনাথ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।
মামলার এজারহার সূত্রে জানা যায়, রবীন্দ্রনাথ কর্মকারের কাছে গত সোমবার ওয়ারিশ সনদ নেওয়ার জন্য পিয়ারা বেগম (৪৫) নামের এক নারী আসেন। কাগজে কিছু ভুল থাকায় চেয়ারম্যান তাতে স্বাক্ষর করেননি। গত মঙ্গলবার বিকেল পাঁচটার সময় ইউপি কার্যালয়ে পিয়ারা আবার আসেন। কিন্তু চেয়ারম্যান স্বাক্ষর দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান। পিয়ারা বাইরে গিয়ে ঘটনাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে জানান। পরে আমিনুলের নেতৃত্বে আট ব্যক্তি ইউপি কার্যালয়ে আসেন। তাঁরা চেয়ারম্যানের কাছে স্বাক্ষর না দেওয়ার কারণ জানতে চান। চেয়ারম্যান কাগজপত্রে ভুল থাকার কথা জানালে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা চেয়ারম্যানের ওপর হামলা চালান ও আসবাবপত্র ভাঙচুর করেন।
রবীন্দ্রনাথ বলেন, হামলার সময় চিৎকার শুনে বাইরে থাকা গ্রাম পুলিশের দুই সদস্য তাঁকে রক্ষার জন্য এগিয়ে আসেন। তখন হামলাকারীরা তাঁদেরও লাঞ্ছিত করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। হামলার পর তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে আমিনুলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
এ ব্যাপারে জানতে আমিনুলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
রাজারহাট থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।