ইউপি চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার কালকিনি থানায় মামলা হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা-পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রী গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের পাশের একটি দোকানে টিফিন কিনতে যায়। এ সময় ইউপি চেয়ারম্যান সিরাজুল হক মৃধার ছেলে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মিঠু মৃধা তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে গত বৃহস্পতিবার বিকেলে সালিস হয়। সেখানে উত্ত্যক্তকারীরা ভুল স্বীকার করে ক্ষমা চায়। কিন্তু সালিস থেকে বাড়ি ফেরার পথে ছাত্রী ও তার মাকে মারধর করা হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে মিঠুকে আসামি করে মামলা করা হয়।

এদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ও উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার সকালে ওই উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।