ইউপি চেয়ারম্যানের তিন দেহরক্ষী, সবার হাতেই অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পুলিশের পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের দেহরক্ষী l ছবি: প্রথম আলো
রূপগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পুলিশের পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের দেহরক্ষী l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফায়েল আহমেদ ওরফে আলমাছ  তিনজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। পুলিশ ও প্রশাসনের সামনে এ ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আইনে প্রকাশ্যে লাইসেন্স করা অস্ত্র বহন নিষিদ্ধ এবং যাঁর অস্ত্র শুধু তাঁরই বহন করার বিধান থাকলেও তোফায়েল তা মানেননি। এভাবে প্রকাশ্যে অস্ত্র বহন করায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নানা প্রশ্ন ওঠে জনমনে। গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তোফায়েল।

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে শোক র‌্যালির আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর। এ ছাড়া ছিলেন ইউএনও ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন ও রূপগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন এই র‍্যালিতে।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ওই র‌্যালিতেই তিনজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে অংশ নেন তোফায়েল। তিন দেহরক্ষীর প্রত্যেকের হাতে একটি শটগান ও কোমরে গুলি বহনের বেল্ট ছিল। এভাবে প্রকাশ্যে অস্ত্র বহন করায় উপস্থিত অনেক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

শোক র‍্যালিতে অংশ নেওয়া এক শিক্ষক বলেন, একজন চেয়ারম্যান তিনজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে ঘুরে বেড়িয়েছেন, বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাঁর প্রশ্ন, উপজেলা প্রশাসন কীভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে শোক র‌্যালিতে অংশ নেওয়ার অনুমতি দিল?

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, উপজেলা চত্বরে শোক র‍্যালি শেষে মুড়াপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা এবং ভুলতা হাইস্কুল অ্যান্ড কলেজ আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করে। সেখানেও তোফায়েলকে সশস্ত্র দেহরক্ষীদের নিয়ে যোগ দিতে দেখা যায়।

অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন দুই দেহরক্ষী
অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন দুই দেহরক্ষী


জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কারোর দেহরক্ষী হিসেবে কোনো নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তা নিয়োজিত থাকলেও এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করতে পারেন না। এ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, তিনটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্রের লাইসেন্স তাঁর নিজের নামে। ১৫ আগস্টের শোক র‌্যালিতে যোগ দেওয়ার আগে এবং বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে ওঠার আগে অস্ত্রটি রাখার জন্য তিনি তাঁর ভাতিজা ফরিদ হোসেনের কাছে দেন।
তাহলে বাকি দুটি অস্ত্র বহনকারী কারা এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, একজন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন। তাঁর নাম জিয়া। অন্যজনের নাম যুবায়ের। তিনি বিজিবিতে চাকরি করেন। চেয়ারম্যান বলেন, ‘১৫ আগস্ট ছিল বলে একটু নিরাপত্তাঝুঁকিতে ছিলাম। এ জন্য সে (যুবায়ের) আমার নিরাপত্তার দায়িত্বে ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে সারাক্ষণ আতঙ্কে থাকি। অনেক হুমকি-ধমকি পেয়েছি। থানায় অনেকবার জিডিও করেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী জানে।’
রূপগঞ্জ থানার ওসি বলেন, কেউ নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকলে আইন অনুযায়ী তিনি দেহরক্ষী নিয়ে চলাচল করতে পারেন। তবে আইনে বলা আছে, অস্ত্রের লাইসেন্স যাঁর নামে, তাঁকেই অস্ত্র বহন করতে হবে। একের লাইসেন্স করা অস্ত্র অন্য কেউ বহন করতে পারবেন না। তবে কেউ অসুস্থ বা শারীরিকভাবে অস্ত্র বহনে অক্ষম হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিয়ে দেহরক্ষী দিয়ে অস্ত্র বহন করানো যাবে।
এ ব্যাপারে জানার জন্য জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান মিঞার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।