চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ২৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের ওপর ওই হামলা ও অস্ত্র লুট হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ঘটনার ১০ দিন পর গত বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার নিজামপুর তদন্তকেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন। অভিযোগপত্রে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, তাঁর সহযোগী আসিফ ইকবালসহ ২৭ জনকে আসামি করা হয়। দুই আসামি কারাগারে আটক থাকলেও বাকি ২৫ আসামি পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার আসামি মো. আসলাম, রাশেদুলসহ চারজনকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
১৫ জুলাই বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেন চালকেরা। এ সময় কয়েক দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। হামলাকারীরা পুলিশের আটক করা অটোরিকশা ছিনিয়ে নেন। দায়িত্বরত পুলিশ সদস্যের ব্যবহৃত রাইফেলটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা পাশের ফকির আহাম্মদ পুকুর থেকে ভাঙা রাইফেলটি উদ্ধার করেন। ঘটনার দিন রাতে ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করা হয়। মামলার পর ওই রাতেই জাহেদ ইকবালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও ঘটনার দিন জাহেদ ইকবাল গাড়ি নিয়ে যাওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্য বাধা দেন। এ সময় তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আমি পুলিশের বাপ। আমার গাড়ি কেন আটকানো হল।’ এ কথা বলে লোকজন জড়ো করতে থাকেন। তাঁর নেতৃত্বে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এএইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মিরসরাইয়ে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এটি গ্রহণের শুনানির অপেক্ষায় রয়েছে।