ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলালের বাসভবন থেকে গত বুধবার সন্ধ্যায় বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দ করা ইউনিসেফের ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে।
আত্মসাতের উদ্দেশ্যে তারেক হেলাল ওই ত্রাণসামগ্রী বন্যাদুর্গতদের মধ্যে না বিলিয়ে নিজের বাড়িতে রাখেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, ধুনটের একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের সহযোগিতার জন্য ইউনিসেফের পক্ষ থেকে এক হাজারটি ইমার্জেন্সি ফ্যামেলি কিট এবং অস্থায়ীভাবে গৃহনির্মাণের জন্য তিন হাজারটি ত্রিপল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের বন্যাদুর্গতের জন্য ৭০টি ইমার্জেন্সি ফ্যামেলি কিট এবং ২১০টি ত্রিপল বরাদ্দ দেওয়া হয়। এই কিট বক্সের প্রতিটিতে রয়েছে থালা, বাটি, পাতিল, গামলা, বালতি, দুটি করে লুঙ্গি, শাড়ি, গামছা, তোয়ালে, বিছানার চাদর, সাবান, খাবার স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। প্রতিটি কিট বক্সের মূল্য আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার টাকা। গত বুধবার ওই কিট বক্স এবং ত্রিপল বিতরণের দিন ধার্য ছিল। ওই দিন সকাল ১০টার দিকে তারেক হেলাল উপজেলা পরিষদের গুদাম থেকে ২১০টি তাঁবু ও ৬৩টি কিট বক্স উত্তোলন করেন। পরে সেখান থেকে তিনি তাঁবু ও ১৩টি কিট বক্স বিতরণ করেন। একপর্যায়ে ভুয়া নামের তালিকা দেখে পরে বিতরণ করার কথা বলে ৫০টি কিট বক্স তিনি এলাঙ্গী বাজারে অবস্থিত তাঁর নিজের বাসায় নিয়ে রাখেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চেয়ারম্যানের বাসায় অভিযান চালিয়ে ওই কিট বক্সগুলো উদ্ধার করেন।
এলাঙ্গী গ্রামের বাসিন্দা আবু সাইদ অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান গরিবের ত্রাণসামগ্রী বরাদ্দ নিয়ে ভুয়া নামের তালিকা করে সে নিজেই বাড়িতে নিয়ে আত্মসাৎ করার চেষ্টা করেছেন।’
নাম প্রকাশ না করার শর্তে ওই উপজেলার এক ইউপি চেয়ারম্যান বলেন, ‘তারেক হেলাল সরকারি দলের চেয়ারম্যান বলেই তাঁর বিরুদ্ধে প্রশাসন মালামাল উদ্ধার করেই নীরব হয়ে গেছে। আমাদের বেলায় এ ধরনের ঘটনা ঘটলে কোনো রক্ষা ছিল না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, তিনি এলাঙ্গী ইউনিয়নে বন্যাদুর্গত সাতটি পরিবারের নামের তালিকা দিয়েছিলেন। কিন্তু তাঁর তালিকার কাউকে কিট বক্স দেওয়া হয়নি।
আত্মসাতের চেষ্টার অভিযোগ অস্বীকার করে তারেক হেলাল বলেন, ‘লোকজন বেশি। কিন্তু কিট বক্সের পরিমাণ কম। তাই নিজের বাসায় রেখে এইগুলি পরে ভাগাভাগি করে বিতরণ করতে চেয়েছিলাম। আত্মসাতের জন্য নয়। তবে বাসায় রাখা ঠিক হয়নি।’
এ ব্যাপারে ইউএনও হাফিজুর রহমান বলেন, প্রতিটি পরিবারের জন্য একটি করে কিট বক্স ও ত্রিপল বরাদ্দ ছিল। সেগুলো ভাগাভাগি করে বিতরণ করার কোনো সুযোগ ছিল না। এ ছাড়া ত্রাণসামগ্রী ইউনিয়ন পরিষদের গুদামে থাকার কথা। এ কারণে বক্সগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদের গুদামে রেখে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।