ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির তালিকা তৈরিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তিনজন ইউপি সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে ১৭ মার্চ লিখিত অভিযোগ দেন তরিকুল ইসলাম নামের এক বাসিন্দা। পরে তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন বলেও জানা গেছে।
ওই লিখিত অভিযোগে বলা হয়, ৩৯ জনের তালিকা তৈরিতে ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দীন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ফরজন আলী ও নারী সদস্য মাহমুদা বেগম নিজেদের আত্মীয়স্বজন, পরিবারের সদস্য এবং একই পরিবারের একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করে শ্রমিক হিসেবে তাঁদের মধ্যে কার্ড বিতরণ করেছেন।
এ কর্মসূচিতে মাটি কেটে রাস্তা সংস্কারের কথা। কিন্তু কর্মসূচির আওতাধীন ইউনিয়নের তালপট্টি রাস্তায় গিয়ে জানা যায়, এখানে শ্রমিক লাগিয়ে মাটি কাটার কোনো কাজ হয়নি। ট্রলিতে করে অন্য স্থান থেকে মাটি এনে ভরাট করা হয়েছে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পিআইও আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ছায়া তদন্তে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দুজন ইউপি সদস্য নিজেদের পরিবারের মধ্যে কার্ড বিতরণ করেছেন। সরেজমিন তদন্ত করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তালিকাও সংশোধন করা হবে।
গত বুধবার ইউপি কার্যালয়ে গিয়ে কথা হয় চেয়ারম্যান ফয়েজ উদ্দীনের সঙ্গে। তিনি স্বীকার করে বলেন, ‘নিজেদের পরিবারের সদস্যদের মধ্যে কর্মসূচির কার্ড বিতরণ করা লজ্জারই ব্যাপার হয়েছে।’ তিনি নিজের আত্মীয় ও একই পরিবারের একাধিক সদস্যের মধ্যে কার্ড বিলি করার ব্যাপারে বলেন, আগে একই পরিবারের থাকলেও তাঁরা এখন আলাদাভাবে থাকেন। আত্মীয় হলেও তাঁরা গরিব মানুষ।
এদিকে চেয়ারম্যান লিখিত অভিযোগকারী তরিকুলকে ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চেয়ারম্যান বলেন, ভয় দেখিয়ে কি কারও মন পাওয়া যায়? তিনি স্বেচ্ছায় অভিযোগ প্রত্যাহার করেছেন।
নারী ইউপি সদস্য মাহমুদা বেগম বলেন, ‘নতুন হওয়ায় ভুল করেছি। ভবিষ্যতে আর এমন ভুল হবে না।’
এ বিষয়ে জানতে ইউপি সদস্য নজরুল ইসলাম ও ফরজন আলীকে পাওয়া যায়নি।