রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হকের বিরুদ্ধে এলজিএসপি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়নের সাতজন ইউপি সদস্য রংপুরের জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপরও পেরিয়ে গেছে আরও ১৪ দিন, কিন্তু পরিস্থিতির আর কোনো অগ্রগতি হয়নি।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই ইউনিয়নের উন্নয়নে ২০১৫-১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তিতে ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান শহিদুল হক এই টাকায় নতুন কাজ না করে আগের অর্থবছরে করা প্রকল্পের কাজই দেখিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আত্মসাৎ করেন। এ ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচিত নয়জন ইউপি সদস্য ওই চেয়ারম্যানের দুর্নীতির প্রয়োজনীয় কাগজপত্রসহ গত বছরের ৫ ডিসেম্বর রংপুরের জেলা প্রশাসক এবং ১১ ডিসেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। গত ৮ জানুয়ারি ওই মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মো. নুরুল বাসির রংপুরের জেলা প্রশাসককে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের রংপুরের উপপরিচালক সুলতানা পারভীন চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে গত ২৬ জানুয়ারি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেন।
উপপরিচালক সুলতানা পারভীন মুঠোফোনে বলেন, ‘আমি এরই মধ্যে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে ইউপি সদস্যরা অভিযোগ দেওয়ার পর উনি (চেয়ারম্যান) অবশ্য প্রকল্পের কিছু কাজ করেছেন।’
ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান শহিদুল জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এখন তাঁর পক্ষ নিয়েছেন সরকারদলীয় স্থানীয় এক শীর্ষ জনপ্রতিনিধি। তিনিই মূলত চেয়ারম্যানের পক্ষে মন্ত্রণালয়ে কলকাঠি নাড়ছেন। তাই অনিয়ম-দুর্নীতির প্রমাণ মিললেও চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘এলজিএসপির টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও ওই চেয়ারম্যানের শাস্তি হচ্ছে না। এখন চেয়ারম্যান আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাঁর ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। ইউনিয়নের সাত ইউপি সদস্যকে পরিষদের কোনো সভায়ও ডাকা হচ্ছে না। এই সুযোগে তিনি মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ও বিধবা ভাতা এবং পরিষদের অনুকূলে আসা বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা লুটপাট করছেন।’
এসব বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শহিদুল হক বলেন, ‘তদন্তে কোনো সত্যতা পায়নি। এলজিএসপির টাকায় আমি প্রকল্পের কাজ সঠিকভাবেই করেছি। আমার বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্য ষড়যন্ত্র করছেন। কাউকে হুমকি দিয়েছি এটা কেউ প্রমাণ করতে পারবে না।’
ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির ওই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গত বছর প্রথম আলোতে ‘একই কাজ বারবার দেখিয়ে বরাদ্দ আত্মসাৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া ২০১৩ সালে তিনি স্থানীয় একজন কৃষককে তাঁর শিশুসন্তানদের সামনে লাঠিপেটা করেন। এ বিষয়ে ওই সালের ১৯ অক্টোবর প্রথম আলোতে ‘শিশুদের সামনে বাবাকে লাঠিপেটা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে ওই সময় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।