ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হায়দারের বিরুদ্ধে কর আদায়ের ৩ লাখ ২১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের ১২ জন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ্ আল খায়রুমের কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান নাজমুল গ্রামপুলিশদের বেতন-ভাতা বাবদ আদায় করা কর (ট্যাক্স) ২ লাখ ৫৬ হাজার, ইউপিতে পুরোনো ভবনের ভাড়া বাবদ ৪০ হাজার ও জনতা ব্রিক ইটভাটার কাছ থেকে কর বাবদ ২৫ হাজার টাকা আদায় করেন। কিন্তু তিনি এসব টাকা পরিষদের ব্যাংক হিসাবে জমা না করে আত্মসাৎ করেন। এ বিষয়ে ইউপি সদস্যরা অর্থের হিসাব চাইলে চেয়ারম্যান নাজমুল টালবাহানা শুরু করেন।
এ বিষয়ে জানতে নাজমুল হায়দারের মুঠোফোনে গতকাল শুক্রবার দুপুরে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী ফোন ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, নাজমুল অসুস্থ হয়ে রংপুরে চিকিৎসাধীন। চিকিৎসক ঘুমের ইনজেকশন দেওয়ায় তিনি এখন ঘুমোচ্ছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে ইউএনও আবদুল্লাহ আল খায়রুম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, অভিযোগটি তিনি জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেবেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।