ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ওরফে বাবুলের বিরুদ্ধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত শুক্রবার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেতোয়া গ্রামের আবদুল হামিদ সম্প্রতি একই গ্রামের মাহাবুবুর রহমানের কাছ থেকে ১৬ শতক জমি কেনেন। কয়েক দিন আগে সেই জমি রেজিস্ট্রি করার সময় নাজিরপুর ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ওরফে বাবুল দাবি করেন, তিনি জমির মালিক মাহাবুবুরের কাছে ৯১ হাজার টাকা পান। তিনি ওই টাকা আবদুল হামিদকে পরিশোধ করতে বলেন। তবে আবদুল হামিদ টাকা দিতে রাজি হননি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ১০ টার দিকে চেয়ারম্যান বাবুলের নেতৃত্বে ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে নাজিরপুর বাজারে আবদুল হামিদের ওষুধের দোকান ও আরও দুটি প্রতিষ্ঠানে হামলা চালান। এতে হামিদের চার ছেলে মো. সিদ্দিক, মো. ইউনুছ, মো. ইদ্রিস ও মো. ইউসুফ আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শনিবার রাতে আবদুল হামিদ কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
চেয়ারম্যান বাবুল বলেন, ‘এসব অভিযোগ ভিত্তিহীন ও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। শুক্রবার রাতে তাদের কোনো দোকানে আমি যাইনি। আমাকে হেয় করতে কিছু মন্দ লোক এই কাজ করেছেন।’
কলমাকান্দা থানার ওসি আবু বক্কর সিদ্দিক গতকাল রোববার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।