ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত বুধবার তুষখালী গ্রামের প্রদীপ কুমার ব্যাপারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই চেয়ারম্যানের নাম শাহজাহান হাওলাদার। এর আগে তাঁর বিরুদ্ধে ইউপি চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচনের অনুষ্ঠানে বিরোধপূর্ণ ব্যক্তিমালিকানাধীন জলাশয় ভরাটের অভিযোগ ওঠে। ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে লোকসমাগম ঘটবে—এমন অজুহাতে জলাশয়টি ভরাট করা হয়। এ নিয়ে গত বছরের ১৪ আগস্ট প্রথম আলোয় ‘দুই মন্ত্রীর সফরের অজুহাতে বিরোধপূর্ণ জলাশয় ভরাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
সরেজমিনে দেখা যায়, তুষখালীতে বিস্তীর্ণ মাঠ বেড়িবাঁধ দিয়ে ঘের করা হচ্ছে। এর ভেতরে খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে। ২২ বিঘা জমির ওপর এই ঘের করা হচ্ছে বলে স্থানীয় লোকজন জানান।
প্রদীপ কুমার ব্যাপারী অভিযোগ করেন, এক মাস আগে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার তুষখালী গ্রামের পঙ্কজ কুমার ব্যাপারী, মনোজ কুমার ব্যাপারী ও প্রদীপ কুমার ব্যাপারীর আড়াই বিঘা, দীপক ব্যাপারীর এক বিঘা ও হাসি রানী ব্যাপারীর এক বিঘা জমি দখল করে মাছের ঘের করার জন্য চারপাশে বাঁধ দেওয়া শুরু করেন। জমির মালিকেরা শাহজাহান হাওলাদারের কাছে গেলে তিনি সময়ক্ষেপণ করে কাজ চালিয়ে যান। গত মঙ্গলবার জমির মধ্যে খননযন্ত্র দিয়ে নালা কাটা শুরু করলে ভুক্তভোগী পরিবারগুলো বাধা দেন। এরপরও কাজ বন্ধ না করায় রাতে পাঁচটি হিন্দু পরিবার থানায় শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে জিডি করেন। বুধবার পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও লিখিত অভিযোগ দেন।
ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, ‘ওই ঘেরের মধ্যের অধিকাংশ জমির মালিক আমি। হিন্দু পরিবারগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমেই ঘেরের কাজ শুরু করা হয়। পরে স্থানীয় একটি মহলের ইন্ধনে তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, জমি দখলের লিখিত অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউএনও এস এম ফরিদউদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’