ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত চেয়ারম্যানের নাম ইউনুস আলী সরদার। তিনি উপজেলার জামালপুর ইউপির চেয়ারম্যান ও জামালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি।
নির্মাণকাজ বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।
জামালপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, ডাঙ্গাহাতিমোহন মৌজার সরকারি ৭২ দশমিক ৯৯ শতাংশ জমিতে জামালপুর ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। এর দক্ষিণ পাশে ৫ দশমিক ৫০ শতাংশ জমিতে জামালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের আরও ৪৯ দশমিক ১২ শতাংশ জমি খেলার মাঠ হিসেবে রয়েছে। পাশে মাদ্রাসার ১ দশমিক ৬২ শতাংশ জমি রয়েছে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বালিয়াকান্দি-মধুখালী সড়কের পাশে জামালপুর বাজারে জামালপুর মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের সঙ্গে পাকা করে আটটি দোকান নির্মাণ করা হচ্ছে। রাস্তার পাশে নির্মাণকাজের জন্য ইট ও বালু রাখা হয়েছে। সীমানাপ্রাচীরের ভেতরের অংশে পিলার তৈরির কাজ চলছে। বিদ্যালয়ের মাঠে পিলারের উপকরণ তৈরি করছেন শ্রমিকেরা।
নির্মাণকাজের প্রধান মিস্ত্রি লুৎফর রহমান বলেন, ‘১৫ দিন আগে থেকে কাজ শুরু হয়েছে। রোববার দুপুরের পর দোকানঘর নির্মাণের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। চেয়ারম্যানের নির্দেশমতো আমরা আমাদের কাজ করছি।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীম কুমার দাস জানান, বিদ্যালয়ে ৪২০ জন শিক্ষার্থী ও ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বিদ্যালয়ের উন্নয়নের জন্য চেয়ারম্যান তাঁর নিজের টাকায় দোকানঘর করে দিচ্ছেন। চেয়ারম্যান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, চেয়ারম্যান নিজের প্রভাব খাটিয়ে দোকানঘর তৈরি করছেন। বিষয়টি জানাজানির পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। রোববারও বিদ্যালয়ের রেজল্যুশনের কথা কেউ বলেনি। পরে ব্যবস্থাপনা কমিটির কয়েকজনকে ডেকে এনে সই নেওয়া হয়েছে।
চেয়ারম্যান ইউনুছ আলী সরদার বলেন, ‘জায়গাটি সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। ওই স্থানে মাইক্রোবাস রাখা হতো। এ কারণে রেজল্যুশন করে বিদ্যালয়ের উন্নয়নের জন্য নিজের টাকায় দোকান নির্মাণের উদ্যোগ নিয়েছি। রোববার তহশিল অফিস থেকে কাজ বন্ধের নোটিশ দিয়েছে। এরপর দোকান নির্মাণ বন্ধ রেখেছি। এখন শুধু এলজিএসপির (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট) টাকায় বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে।’
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার বলেন, দোকানঘর নির্মাণের স্থানটি সরকারি জমি। বিষয়টি জানার পর কাজ বন্ধ রেখে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে মালামাল সরিয়ে নেওয়া না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।