ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যবর্তী পাগলা নদের ওপর সেতুটি চার বছরেও নির্মাণ করা হয়নি। ১৮টি পিলার নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ১৪টিই ভেঙে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
সেতুটি নির্মাণ করা হলে আড়াই ঘণ্টায় ঢাকা থেকে নবীনগরের বীরগাঁও ইউনিয়নে যাতায়াত সম্ভব হবে বলে আশা করেন এলাকাবাসী। বর্তমানে এখান থেকে ঢাকা যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে।
স্থানীয় অন্তত ৩০ ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে টাকা সংগ্রহ করা হয়। এ ছাড়া বীরগাঁও ইউপির তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে টাকা দেন। ২০১২-১৩ অর্থবছরে সেতুর কাজ শুরু করা হয়। তখন নির্মাণ করা হয় ১৮টি পিলার। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কিছুদিনের মধ্যেই ঢেউয়ের আঘাতে পিলারগুলো ভাঙতে শুরু করে। টিকে থাকে মাত্র চারটি পিলার।
২০১৩ সালের ১০ জুন কবির আহমেদের পেশ করা উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে জানা গেছে, ওই সেতুর পিলার ও ইউনিয়নের বিভিন্ন সড়ক নির্মাণে ব্যয় হয়েছিল ৬৭ লাখ ৩৫ হাজার টাকা। বাইশমোজা বাজার কমিটি, মালিক ভরসা মাজার, টিআর (টেস্ট রিলিফ), এডিবিসহ বিভিন্ন বরাদ্দ থেকে চেয়ারম্যান কবির ১৮ লাখ টাকাসহ মোট পেয়েছিলেন ২৮ লাখ টাকা। সেতুর ১৮টি পিলার নির্মাণে তিনি ১৯ লাখ ২২ হাজার টাকা খরচ দেখিয়েছেন। নবীনগরের বাইশমোজা থেকে আশুগঞ্জের লালপুর বাজার পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকাজে ব্যয় দেখিয়েছেন ৪৮ লাখ ১৩ হাজার টাকা।
বাইশমোজা থেকে লালপুর বাজার পর্যন্ত রাস্তায় মাটি ভরাটকাজ দেখানো হলেও ১ জুন সরেজমিনে ওই সড়কের পাগলা নদের ঘাট থেকে বাইশমোজা বাজার পর্যন্ত অংশে মাটি ফেলে রাস্তা নির্মাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, এই অংশে রাস্তায় কোনো মাটি ফেলা হয়নি।
আলী আহমেদ, জজ মিয়া, ফুল মিয়াসহ বীরগাঁওয়ের অন্তত ২৫ জন বাসিন্দা অভিযোগ করেন, চেয়ারম্যান কবির নিজেই সেতু নির্মাণের দায়িত্ব নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন। তিনি মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগ অস্বীকার করে বীরগাঁও ইউপির পুনর্নির্বাচিত চেয়ারম্যান কবির আহমেদ বলেন, ‘জাসদের সাংসদ শাহ জিকরুল আহমেদের সহযোগিতায় টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকায় কৃষ্ণনগর থেকে পাগলা নদীর ঘাট পর্যন্ত রাস্তা মেরামতসহ সেতুর ১৮টি পিলার নির্মাণ বাবদ ৭২ লাখ টাকা খরচ হয়েছিল। আমার ব্যক্তিগত ৩৯ লাখ টাকা খরচ হয়েছিল, যা আমি এখনো পাওনা।’ তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা জহির রায়হান ও তাঁর লোকজনের বাধার কারণে সেতু নির্মাণকাজ আটকে গেছে।
তবে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক জহির রায়হান বলেন, কে টাকা আত্মসাৎ করেছে, তা ইউনিয়নবাসী জানেন। তবে সবকিছুর ঊর্ধ্বে সেতুটি নির্মাণ জরুরি।