ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দম্পতিকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এই মারধরের ঘটনায় আহত হয়েছেন উপজেলার ঘাগড়া প্রধান পাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৩৫) ও তাঁর স্ত্রী লাভলী বেগম (৩০)।
রেজাউল ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লাভলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৫৩ শতাংশ জমি নিয়ে অনেক দিন ধরে চেয়ারম্যান নাসিরের সঙ্গে তৈরি পোশাক কর্মী রেজাউলের বিরোধ চলে আসছে। আজ শুক্রবার দুপুরে নাসির উদ্দিন ও তাঁর সহযোগীরা ওই জমির পাকা আমন ধান কেটে নিয়ে যান। বেলা দুইটার দিকে রেজাউল ও তাঁর স্ত্রী লাভলী এ ঘটনার প্রতিবাদ করতে নাসিরের বাড়িতে যান। এ সময় রেজাউল ও লাভলীকে একটি কক্ষে আটকে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দম্পতিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আহত রেজাউল মোবাইলে প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান ও তাঁর লোকজন তাঁর জমির ধান জোর করে কেটে নিয়ে গেছেন। এর প্রতিবাদ করতে গিয়ে তাঁরা স্বামী-স্ত্রী মারধরের শিকার হন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
মারধরের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নাসির প্রথম আলোকে বলেন, তিনি রেজাউলের জমিটি কিনেছেন। এ জন্য রেজাউলকে টাকাও দিয়েছেন। কিন্তু জমির রেজিস্ট্রি না করে দিয়ে কালক্ষেপণ করছিলেন রেজাউল।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মারধরের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।