ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দম্পতিকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার হাতিবান্ধা গ্রামে চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ঘাগড়া প্রধান পাড়া গ্রামের রেজাউল করিম (৩৫) ও তাঁর স্ত্রী লাভলী বেগম (৩০)। রেজাউলকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেজাউল হাতিবান্ধা ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিনকে (৪০) প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নাসিরসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশ সূত্র জানায়, ৫৩ শতাংশ জমি নিয়ে নাসির উদ্দিনের সঙ্গে রেজাউলের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার নাসির ও তাঁর সহযোগীরা ওই জমির পাকা আমন ধান কেটে নিয়ে যান। বেলা দুইটার দিকে রেজাউল ও লাভলী এ ঘটনার প্রতিবাদ করতে নাসিরের বাড়িতে যান। সেখানে নাসির ও তাঁর সহযোগীরা তাঁদের একটি ঘরে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।