ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ নারী সদস্যদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে কসবা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন দুই নারী সদস্যসহ তিন ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন খাড়েরা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রত্না আক্তার। তিনি বলেন, খাড়েরা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন ২০১৬-১৭ অর্থবছরে মহিলা সদস্যদের কোনো কিছু না জানিয়ে এবং অধিকারবঞ্চিত করে প্রকল্প গ্রহণ, ভিজিডি বরাদ্দ করেছেন। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য রেহেনা বেগমের (৬২) সঙ্গে অশালীন আচরণ করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ৪০ দিনের কর্মসূচির আওতায় দুইটি প্রকল্পে শ্রমিক না লাগিয়ে রাতের বেলা ভেকু মেশিন দিয়ে রাতারাতি কাজ শেষ করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে মহিলা সদস্য রেহেনা বেগম বলেন, এ ছাড়া পুরো উন্নয়ন প্রকল্পের ৮০ শতাংশ কাজই চেয়ারম্যান তাঁর নিজ গ্রাম গোলাসারে করিয়ে বাকি ইউনিয়নকে বঞ্চিত করছেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, বসির আহমেদ, হেবজু মিয়া।
কসবা উপজেলার পিআইও তাপস চক্রবর্ত্তী বলেন, ৪০ দিনের কর্মসূচিতে স্থানীয় লোকজন কাজ করবে। ভেকু দিয়ে কাজ করার কোনো নিয়ম নেই। খাড়েরা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগটি তদন্ত করছি।
চেয়ারম্যান হেলাল উদ্দিন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, বরং ওই নারী সদস্য রেহেনা বেগমই বয়স্ক ভাতা থেকে টাকা নিয়েছেন। সেই অভিযোগ উপজেলা প্রশাসন তদন্ত করছে। ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে বলে জানান চেয়ারম্যান।