জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দুস্থ নারীদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিডির ৭ হাজার ২৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ইউনিয়নের লাইলী বেগম নামের এক নারী গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় গত বছরের জানুয়ারি থেকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় চিনাডুলী ইউনিয়নের ২৪২ জন দুস্থ নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে ভিজিডির চাল দিচ্ছে। গত জুন মাসে তাঁদের জন্য বরাদ্দ দেওয়ার চাল বিতরণ না করে চেয়ারম্যান আবদুস সালাম কালোবাজারে বিক্রি করে দেন। এ ছাড়া জুলাই মাসের চাল তিনি এখনো বিতরণ করেননি। উপকারভোগী নারীরা প্রায় দিনই চেয়ারম্যানের বাড়িতে চালের জন্য গিয়ে খালি হাতে ফিরে আসছেন। অভিযোগকারী লাইলী বেগম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা অসহায়, বানে ভাসা (বন্যা) ও নদীভাঙন এলাকার মানুষ। মাসে ৩০ কেজি করে চাল পাইতাম, এতে আমাদের উপকার হতো। শুনতে পাইলাম চেয়ারম্যান জুন মাসের চাইল বিক্রি করে দিছেন। বাড়িতে গিয়ে এক দিনও চেয়ারম্যানকে পাই না। আমরা গরিব মানুষ, এখন কী করব বুঝতে পারছি না।’
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘সম্প্রতি উপকারভোগীরা পরিষদ কার্যালয়ে চাল নেওয়ার জন্য ভিড় করেন। এ সময় চেয়ারম্যান উপকারভোগীদের চাল দিতে পারেননি। পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, গত জুন মাসের ৭ হাজার ২৬০ কেজি চাল গোপনে গুদাম থেকে তুলে চেয়ারম্যান কালোবাজের বিক্রি করে দিয়েছেন। এ ছাড়া জুলাই মাসের চাল এখনো বিতরণ করেননি। বানভাসি মানুষ এখন ক্ষুব্ধ হয়ে যেকোনো মুহূর্তে আন্দোলনে নামতে পারেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘চেয়ারম্যানের কর্মকাণ্ডে পরিষদের সব সদস্য বেকায়দায় রয়েছেন। অসহায় নারীদের বরাদ্দকৃত চাল তিনি গোপনে বিক্রি করে দিলেও এখন চোর অপবাদ আমাদের শুনতে হচ্ছে। চেয়ারম্যানের কর্মকাণ্ডে ইউনিয়নের মানুষ এখন ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা যেকোনো মুহূর্তে পরিষদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিতে পারেন।’
চিনাডুলী ইউপির চেয়ারম্যান আবদুস সালাম গত জুন মাসের চাল বিতরণ না করার বিষয়টি স্বীকার করে বলেন, চাল কালোবাজারে বিক্রি করা হয়নি। ঈদের আগেই চাল বিতরণ করা হবে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘চাল আত্মসাতের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জামালপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চাল আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জামালপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবীর বলেন, জেলা প্রশাসক তাঁকে চাল আত্মসাতের অভিযোগ তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি শিগগিরই চিনাডুলী ইউনিয়নে গিয়ে ঘটনাটি তদন্ত করবেন।