ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যকে মারধরের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল কাদেরের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউপি কার্যালয়ে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সদস্যদের তোয়াক্কা না করে তিনি ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, টিআর, প্রকল্পের তালিকা বণ্টনসহ নানা ধরনের প্রকল্পের কাজ একাই করছেন। এসব কাজের প্রতিবাদ করতে গেলে তিনি সদস্যদের নানা ধরনের হুমকি দেন। গতকাল বেলা দুইটার দিকে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য শিউলি খাতুন চেয়ারম্যানের কার্যকলাপের প্রতিবাদ করায় নাজমুল কাদের তাঁকে পরিষদের বারান্দায় মারধর করে আহত করেন।
৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য রাশেদা খাতুন অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরিতে আমাদের কোনো ধরনের অধিকার দেওয়া হয় না। চেয়ারম্যান প্রথম থেকে একাই সব কাজ করছেন। এসব কাজের হিসাব চাইতে গেলে অন্যায়ভাবে আমাদের গালিগালাজসহ নানা ধরনের ভয়ভীতি, হুমকি দেন। কোনো সদস্য তাঁর ভয়ে কথা বলতে সাহস পান না। এসব ঘটনার প্রতিবাদ করায় চেয়ারম্যান নামজুল আমার সামনেই শিউলিকে মারধর করেছেন।’
ইউপি চেয়ারম্যান নাজমুল কাদের বলেন, ‘শিউলি ও রাশেদার অভিযোগ সঠিক নয়। শিউলি অন্য একটি নারী সদস্যের সঙ্গে হাতাহাতি করতেছিল। আমি সেই হাতাহাতি ঠেকাতে গেলে শিউলি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে আহত হন। তাঁকে মারধর করা হয়নি।’
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিন আহাদ সুলতানা বলেন, শিউলি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ইউপি সদস্যকে মারধরের ঘটনাটি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’