ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারি খাসজমি দখল করে তা বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে অবৈধভাবে নির্মাণ করা পাঁচটি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। গত সোমবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা হয়েছে।
আসামিরা হলেন ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাজারের ইজারাদার মো. জামাল উদ্দিন এবং বুরুঙ্গা গ্রামের বাবুল মিয়া ও মো. নুরন্নবী।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারে সরকারি ৮ শতাংশ জমি অবৈধভাবে বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, বাজারের ইজারাদার জামাল উদ্দিনসহ স্থানীয় কয়েকজন দখল করে আসছিলেন। পরে তাঁরা প্রায় পৌনে দুই লাখ টাকায় ছয় ব্যক্তির কাছে ওই জমি বিক্রি করে দেন। ক্রেতারা ৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ওই জমির দখল বুঝে নেন। পরে ওই জমিতে পাঁচটি আধা পাকা দোকানঘর নির্মাণ করেন।
খাসজমি দখলের এই বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষাপটে সোমবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম কাজী মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আধা পাকা ওই পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাতে পোড়াগাঁও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা এস এম এ মামুন বাদী হয়ে মামলা করেন।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, ‘আমি কিংবা বাজার কমিটির কারও সঙ্গে কোনো আলোচনা না করেই বাজারের দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। এখন শুনছি আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’
ইউএনও মো. আবু সাঈদ মোল্লা বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।