ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যের অসহযোগিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক সদস্য তাঁর ওয়ার্ডে কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দরখাস্ত দিয়েছেন।
অভিযোগের বিবরণ অনুযায়ী, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২৭ জুলাই ইউপির প্রথম সভায় উপস্থিত ছিলেন। এরপর থেকে চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান তাঁকে আর পরিষদের কোনো সভায় ডাকেননি। এমনকি পরিষদের সভার কোনো নোটিশও তাঁকে দেওয়া হয় না। বিষয়টি তিনি চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েও সাড়া পাননি। এ কারণে তাঁর ওয়ার্ডে হিস্যা অনুযায়ী সরকারি উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না। চেয়ারম্যানের এ ধরনের বৈরী আচরণ ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে নির্বাচনের সময় ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ভূমিকা রাখতে পারছেন না। ভোটাররা ভোট দিলেও নির্বাচিত প্রতিনিধির কাছে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এতে তিনি সামাজিকভাবে চাপের মুখে পড়েছেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী, চেয়ারম্যান শপথভঙ্গ করে পরিষদের নির্বাচিত সদস্যের সঙ্গে এ ধরনের বৈরী কর্মকাণ্ড করতে পারেন না।
আমিনুল ইসলাম গতকাল বুধবার বলেন, ‘সুরাশ্রম, জলহরি ও শ্রীরামপুর গ্রাম নিয়ে আমার ওয়ার্ড গঠিত। আমি সুরাশ্রম গ্রামের বাসিন্দা। গত নির্বাচনে সৈয়দ আশরাফুজ্জামান চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পান। আমার গ্রামে তাঁর এক সমর্থককে তিনি সদস্য পদে নির্বাচন করতে বলেন। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তিনি আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করেন। চেয়ারম্যানের নিষেধ উপেক্ষা করে নির্বাচন করে তিনি বিপুল ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। আশরাফুজ্জামান চেয়ারম্যান পদে জয়ী হলেও সদস্য পদে তাঁর সমর্থিত প্রার্থী হেরে যান। এ কারণে তিনি অমার ওপর ক্ষুব্ধ হন।’
ইউপির ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য যথাক্রমে বজলুর রহমান ও আবদুল বারী বলেন, চেয়ারম্যানের সঙ্গে আমিনুলের বিরোধ সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে। এর নিষ্পত্তি হওয়া দরকার।
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বুধবার ইউপি চেয়ারম্যানের দুটি মুঠোফোন নম্বরে অনেকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
ইউএনও মো. হাফিজুর রহমান মুঠোফোনে বলেন, তিনি ইউপি সদস্যের অভিযোগটি পেয়েছেন। এ সম্পর্কে বক্তব্য জানার জন্য তিনি চেয়ারম্যানকে ডেকে পাঠাবেন।