ইউপি চেয়ারম্যানের ভয়ে গ্রামছাড়া প্রবাসীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভয়ে দীর্ঘদিন ধরে বাড়িছাড়া লেবাননপ্রবাসী একটি পরিবারের সদস্যরা। লেবাননে একটি হত্যাকাণ্ডের জের ধরে ওই চার প্রবাসীর বাড়িঘরে আগুনও দেয় তালশহর ইউপি চেয়ারম্যান আবু সামার লোকজন।

 ভুক্তভোগী পরিবারের এক সদস্য গত রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার চেয়েছেন। 

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য হেলাল উদ্দিন বলেন, তাঁর চার ভাই দীর্ঘদিন ধরে লেবাননপ্রবাসী। তালশহর ইউপি চেয়ারম্যান আবু সামার এক নাতিও সেখানে থাকতেন। গত ১০ মে আবু সামার নাতি লেবাননে খুন হন। এ ঘটনায় আবু সামার পরিবার তাঁর (হেলাল) ভাই লুৎফর রহমানকে সন্দেহ করে। ঘটনার দুই দিন পর আবু সামার লোকজন গিয়ে তালশহরের পাশেই নাওঘাট গ্রামে হেলাল উদ্দিনের বাড়িঘরে আগুন দেয়।

হেলাল উদ্দিন আরও বলেন, তাঁদের পরিবারের ২১ সদস্য দেশে আছেন। বাড়িঘরে আগুন দেওয়ার পর থেকে ভয়ে তাঁরা এলাকায় যেতে পারছেন না। ছেলেমেয়েদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। তাঁর মা বাদী হয়ে মামলা করেছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় গ্রেপ্তার হচ্ছেন না।

হেলাল উদ্দিন দাবি করেন, লেবাননের আদালতে তাঁর ভাই লুৎফর রহমান নির্দোষ প্রমাণিত হয়েছেন।

আবু সামা তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। তাঁর ছেলে আমির হোসেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ফোন করলে আবু সামার ছেলে আমির হোসেন প্রথম আলোকে বলেন, বাড়িঘরে আগুন কারা দিয়েছে তা তাঁরা জানেন না। ঘটনার পাঁচ মাস পর তাঁদের নামে মামলা দেওয়া হয়েছে। আদালতই সব ঠিক করবে। আর লেবাননে তাঁর ভাগনে খুনের ঘটনায় ওই দেশে মামলা চলছে।