ইউপি চেয়ারম্যানের সংবর্ধনায় মারধর, যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে মারধরে রাজু আহমেদ (২২) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নোয়ালী বড় মসজিদ এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রাত নয়টার দিকে চেয়ারম্যানের বক্তব্যের সময় রাজু আহমেদ অনুষ্ঠানস্থলে যান। সেখানে চেয়ারে বসা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা মারধর করলে রাজু গুরুতর আহত হন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়। রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাজু মনিরামপুর উপজেলার তালসারি গ্রামের বাসিন্দা ছিলেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহেরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মারধর, না অন্য কোনো কারণে রাজু মারা গেছেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।