ইউপি চেয়ারম্যানের হাতে কৃষি কর্মকর্তা লাঞ্ছিত
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহরাব হোসেনের হাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সাদেকুজ্জামান অভিযোগ করে বলেন, ‘ইউপি চেয়ারম্যান সোহরাব গতকাল বেলা দেড়টার দিকে আমার কার্যালয়ে ঢোকেন। এ সময় তিনি বোরো ধান সংগ্রহে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কমসংখ্যক কৃষকের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ তুলে আমার টেবিলে থাকা ডেস্ক ক্যালেন্ডার তুলে সেটি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। এতে আমার ভ্রু ও মুখ কেটে যায়। এরপর তিনি আমার কার্যালয় থেকে বের হয়ে কার্যালয় চত্বরে হরেন্দ্র নাথ রায় ও জাহাঙ্গীর আলম নামের দুই উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর চড়াও হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনায় এখনো মামলা করিনি।’
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ অভিযানে উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার কৃষকদের সরকারি খাদ্যগুদামে সরাসরি ধান বিক্রির জন্য ২ হাজার ১৭৬ মেট্রিক টন ধানের বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কাঁঠালী ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ২৫০ মেট্রিক টন ধান।
তবে এ বিষয়ে মুঠোফোনে কথা বললে ওই অভিযোগ অস্বীকার করে সোহরাব হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় পনেরোশত মানুষ বসবাস করেন। সেখানে ছয়জন কৃষকের তালিকা করেছে কৃষি বিভাগ। যাঁদের চারজনই ভূমিহীন। আমি এর প্রতিবাদ করতে গেলে কৃষি কর্মকর্তা ওই মারধরের নাটক সাজান। সেখানে মারধর বা লাঞ্ছিতের কোনো ঘটনাই ঘটেনি।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিরওয়ার হাসান ইনাম বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবীবের কার্যালয়ে স্থানীয় নেতারা বসেছেন বলে জানা গেছে। কিন্তু এ বিষয়ে ইউএনও মো. হাসান হাবীবের মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে রিং হলেও তিনি ফোন ধরেননি।