ইউপি চেয়ারম্যানের হামলায় আ.লীগের নেতাসহ আহত ১০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন হামলায় আহত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর লোকেরা গত বৃহস্পতিবার এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (৪২) ও দলটির কর্মী মোশারফ হোসেন (৪৮), আবদুল মান্নান (৩৫) ও শাহাদৎ হোসেনকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির উল ইসলাম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এতে আবদুস সালাম ও সারোয়ার হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বৃহস্পতিবার দুপুরে চৌদ্দঘুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইউনিয়ন আওয়ামী লীগ সভার আয়োজন করে। এ সংবাদ শুনে চেয়ারম্যান মজিবর, তাঁর ভাই আজিজার রহমান এবং তাঁদের পক্ষের শাহ আলম, রাসেল মিয়া, সারোয়ার হোসেন, হায়াত আলী, মামুনসহ ১৫-২০ জন সভাস্থলে গিয়ে গালিগালাজ শুরু করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানালে চেয়ারম্যানের লোকজন লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আওয়ামী লীগের ১০ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। হামলার ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই ১৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ইউনিয়নে কোনো কাজ না করে সরকারি বরাদ্দের সবকিছু আত্মসাৎ করে আসছেন। এ নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসলে তিনি আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আমাদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তিনি সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা চালান।’
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পক্ষ আমার সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সেদিনও তারা এ কাজ করলে আমার ভাই ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। কারও ওপর হামলা হয়নি।’