ইউপি চৌকিদারের বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের চাল জব্দ

এক ইউপি চৌকিদারের বাড়ি থেকে শেরপুরে খাদ্য অধিদপ্তরের ৩৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসব বস্তায় ৯৯০ কেজি চাল রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চৌকিদার জহুরুল হকের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের জন্য এক ইউপি চকিদারের বাড়িতে মজুত করে রাখা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও ফিরোজ আল মামুনের নির্দেশে গতকাল সন্ধ্যায় প্রশাসনের কর্মকর্তারা চৌকিদার জহুরুল হকের বাড়িতে অভিযান চালান। সেখান থেকে ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। বস্তার গায়ে খাদ্য অধিদপ্তর, শেরপুর লেখা রয়েছে।
ইউএনও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুন হোসেনকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মামুন হোসেন আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রথম আলোকে তিনি বলেন, জব্দ করা চাল খাদ্যবান্ধব কর্মসূচির, না খোলা বাজারে বিক্রির (ওএমএস), বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক চৌকিদার জহুরুল হকেরও সন্ধান করা হচ্ছে।