মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের একটি বাড়িতে গত শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ ৫৮টি তাজা ককটেলসহ মামুন (২৮) নামের এক তরুণকে আটক করেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার লক্ষ্যে ওই ককটেলগুলো রাখা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।
২৮ মে মোল্লাকান্দি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। পুলিশ সূত্র বলেছে, ওই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার লক্ষ্যে একটি পক্ষ ককটেল মজুত করে রেখেছিল। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ইউনিয়নের আমঘাট এলাকায় জয়নাল খানের বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘর থেকে তিনটি প্লাস্টিকের বালতিতে রাখা ৫৮টি তাজা ককটেল জব্দ করে পুলিশ। এ সময় ওই ঘরে থাকা মামুনকে আটক করা হয়। মামুন আমঘাট গ্রামের খান বাড়ির মো. জহুর খানের ছেলে।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার গতকাল রোববার তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় মামুনকে আসামি করে থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। কোন প্রার্থী ওই ককটেলগুলো ব্যবহারের জন্য রেখেছিলেন, তা বের করতে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিপন হোসেন পাটোয়ারী এবং দলটির বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক কল্পনা আক্তার। ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যে দুই পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ককটেল উদ্ধারের ঘটনায় মামুনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে বাড়িতে পাওয়া যায়নি। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রিপন হোসেন পাটোয়ারী বলেন, ‘মামুন কারও দলের না। সে বিদেশে থাকত। তাকে আমি তেমন চিনিও না। মামুন ককটেলের সঙ্গে জড়িত কি না, সে সম্পর্কে জানা নেই।’