নির্বাচনী সহিংসতা: চার জেলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাইসহ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে। সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোটকেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এ ছাড়া অন্য চার জেলায় নিহত হয়েছেন আরও পাঁচজন।

ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও পুলিশের গুলিতে আহত হয়েছেন সহস্রাধিক। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আহত হয়েছেন। ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে গত সোমবার পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে ১০ জন নিহত হন। আহত হন দুই হাজারের বেশি। আজ আরও আটজনসহ নিহতের সংখ্যা বেড়ে হলো ১৮।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ রাত আটটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মোহাম্মদ সোহেল (২৫), শাহাদাত হোসেন (৩০) ও কামরুল মৃধা (২৫)। তাঁদের বাড়ি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণতলা গ্রামে। নিহত ব্যক্তিরা মঠবাড়িয়া উপজেলার ধানীসাতা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের কর্মী বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিয়ে ধানীসাতা ইউনিয়নের সাতা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফল ঘোষণা করতে চাইলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। এরপরও তিনি ফলাফল ঘোষণা করলে আওয়ামী লীগের কর্মীরা তাঁকে অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে র‍্যাব ও বিজিবির সদস্যরা কেন্দ্রে যান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তফা কামাল বলেন, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় তিনজন মারা গেছেন।

ঝালকাঠি
আজ দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপির কালিয়ান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে মেম্বার পদপ্রার্থী সজীব হোসেন ও চুন্নু শিকদারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চুন্নু শিকদারের ভাই আবুল কাশেম শিকদার (৫৫) নিহত হন।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নওনাই বেগম (৬০) নামের এক নারী মারা গেছেন। তার বাড়ি উপজেলার জয়ানপুর গ্রামে। রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।
রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোতাহার হোসেন বলেন, নির্বাচনে ওই কেন্দ্রে ইউপি সদস্য পদে নবাব আলী ও সামিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে নবাব আলী বিজয়ী হলে সামিদুলের ও নবাব আলীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়ার মধ্যে পড়ে নওনাই বেগম পদদলিত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোতাহার হোসেন বলেন, নওনাই বেগম বিজয়ী ইউপি সদস্য নবাব আলীর মা বলে জানা গেছে।

নেত্রকোনা
জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে ভোট গণনার সময় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইছাহাকের ছোট ভাই গোলাম আবু কাউছার ওরফে কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তবে কি কারণে গুলি করা হয়েছে বা কারা গুলি করেছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে নিবার্চন পরবর্তী সহিংতায় আজ রাতে পৃথক ঘটনায় মো. শফিক আলম (৩২) ও আব্দুল গফুর (৪২) নামে দুজন মারা গেছেন।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানা গেছে, সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াডে কেন্দ্রে রাত সাড়ে আটটার দিকে গননার সময় ইউপি সদস্য প্রার্থী সলিম উল্লাহ ও নুরুল আমিনের সমর্থকদের মধ্যে সংর্ঘষ ও গোলাগুলিতে মো. শফিক আলম মারা যায়। সে শাহপরীর দ্বীপের মাঝরপাড়ার দুদু মিয়ার ছেলে।
দুদু মিয়া বলেন, নুরুল আলমের সমর্থকরা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে। লাশ বাড়িতে আনা হয়েছে।
একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডার ডেইল আল হোসাইনিয়া মাদ্রাসা কেন্দ্রে রাতে নিবার্চনী সরঞ্জাম নিয়ে টেকনাফ উপজেলা পরিষদে ফেরার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আটকানোর চেষ্টাকে কেন্দ্র করে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আব্দুল গফুর, রহিমা বেগম, নেছার বেগম, নুর বেগম, সেফা আক্তার, শফিক উল্লাহসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। পরে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে হ্নীলা নামক এলাকায় পৌছালে গফুর মারা যান। পরে তার লাশটি টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।
আব্দুল গফুর আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেনের ভাই বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদকে মোবাইলে রাত সাড়ে ১১টা পর্যন্ত একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নি।

আরও পড়ুন: