ইউপি ভবনের জানালা খুলে নিলেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী!

দোতলা ভবনটিতে ১৫টি কক্ষ। ২৯টি জানালা। থাই অ্যালুমিনিয়ামের জানালাগুলোর একটিতেও কাচ নেই। গত বুধবার রাতে সব খুলে নিয়ে গেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থী। তিনি হলেন জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আজিজুর রহমান। এলাকাবাসী বলছেন, নির্বাচনে পরাজিত হওয়ার কারণেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। আজিজুর রহমানের বিচার দাবি করেছেন তাঁরা।
গতকাল সোমবার সরেজমিনে পরিষদ ভবনের এই দুর্দশার চিত্র দেখা যায়। ১৫টি কক্ষের কোথাও খুঁজে পাওয়া গেল না জানালা। দেয়াল ভেঙে জানালা খুলে নেওয়ার চিহ্ন রয়েছে শুধু। গ্রাম আদালত কক্ষের বিচারকাজ চলে যে কক্ষটিতে, সেখানে একটিও চেয়ার নেই। স্থানীয় লোকজন জানান, ভবনের ২৯টি কাচের থাই জানালা, ২৫টি চেয়ার ও একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন নিয়ে গেছেন আজিজুর রহমান।
ইউপি ভবন থেকে জানালাসহ জিনিসপত্র নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে আজিজুর রহমান বলেন, ‘ভবনটির জানালাগুলো কাঠ দিয়ে তৈরির কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু একটু রুচিশীল করতেই আমার টাকায় কাচের জানালা লাগিয়েছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করেই আমার লাগানো জানালাগুলো খুলে নিয়েছি।’ তবে তাঁর দাবি অস্বীকার করে ইউএনও মোহাম্মদ আবদুল ছালাম প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ইউপি নির্বাচনে হেরে যাওয়ায় আজিজুর দিশেহারা হয়ে এ কাজ করেছেন।
তিতপল্লা ইউনিয়নে গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মো. হারুন-অর-রশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব বুঝে নেওয়ার জন্য পরিষদে এসে দেখতে পাই, কোনো কক্ষের জানালা ও চেয়ার নেই। পরে জানতে পারি, সাবেক চেয়ারম্যান ওই সব খুলে নিয়ে গেছেন।’