ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তাঁর বাবা গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতেরা একটি মোটরসাইকেল ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।
আহত দুজন হলেন উপজেলার সৈয়দপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম (৩৭) ও তাঁর বাবা শরিফউদ্দীন (৫৮)। গতকাল রোববার ভোররাতে তাঁদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একটি ডাকাত দল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সৈয়দপুর ইউনিয়নের থুমনিয়া সাহাপাড়া গ্রামে আরিফুলের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। একপর্যায়ে ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তারা বাড়ির লোকজনকে প্রথমে মারধর শুরু করে। একপর্যায়ে তারা আরিফুলকে কুপিয়ে জখম করে। আরিফুলের চিৎকার শুনে তাঁর বাবা শরিফউদ্দীন পাশের ঘর থেকে বেরিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। এরপর ডাকাতদলটি আরিফুলের ডিসকভার ১২৫ সিসি মডেলের একটি মোটরসাইকেল, তাঁর স্ত্রীর প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।