ইউপি সদস্য খুন, সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় গতকাল মঙ্গলবার সংঘর্ষে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

পাবনার সাঁথিয়া উপজেলার নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গত সোমবার রাতে নিজ বাড়িতে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লোহাগড়ায় নিহত ব্যক্তির নাম নূর ইসলাম মৃধা (৪৮)। তিনি পারমল্লিকপুর গ্রামের মোকছেদ মৃধার ছেলে এবং উপজেলার মল্লিকপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য উজ্জ্বল ঠাকুর ও বর্তমান সদস্য হিমায়েত হোসেন পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ইউপি নির্বাচনে এ দ্বন্দ্ব আরও প্রকট হয়।

সর্বশেষ গতকাল বেলা ১১টার দিকে উজ্জ্বল ঠাকুর পক্ষের৩০-৪০ জন ধারালো অস্ত্র নিয়ে ওই গ্রামে হিমায়েত হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। আক্রান্ত পক্ষটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।

এতে জামিলা খাতুন নামের এক নারীসহ হিমায়েত পক্ষের অন্তত ১২ জন আহত হন। গুরুতর আহত নূর ইসলামকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত নূর ইকবাল মৃধা (৩২) নামের আরেক ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১২টি গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নূর ইসলামের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাঁথিয়ায় নিহত ব্যক্তির নাম শাহ জামাল (৪০)। তিনি উপজেলার ধোপাদহ ইউপির ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য এবং আওয়ামী লীগের গ্রাম কমিটির সভাপতি।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে একটার দিকে ২৫-৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত পাইকশা গ্রামে শাহ জামালের বাড়িতে হামলা চালায়।

তারা ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে কুপিয়ে ও গুলি করে শাহ জামালকে হত্যা করে চলে যায়। এ সময় শাহ জামাল ও তাঁর পরিবারের লোকজন চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে রাত সোয়া দুইটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, কারা, কী কারণে শাহ জামালকে হত্যা করেছে, তদন্ত না করে বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহত শাহ জামালের স্ত্রী আরিফা খাতুন হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার সকালে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।