ইউপি সদস্য গ্রেপ্তার চেয়ারম্যান পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যে চাল বিতরণে অনিয়ম ও প্রতারণার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা হয়েছে। ইউপি সদস্য আবদুল খালেককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান আবদুর রাজ্জাক পলাতক আছেন।
আবদুর রাজ্জাক বিএনপির মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। আবদুল খালেক ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, আওলাই ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১০ টাকা মূল্যে হতদরিদ্র পরিবারে মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার তালিকা করে কার্ড বিতরণ করেন চেয়ারম্যান ও সদস্যরা। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবস্থাপন্ন শিক্ষক আবদুল মালেকের স্ত্রী সখিনা খাতুনের নামে কার্ড দেন আবদুল খালেক। আবদুল মালেক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে পাঁচবিবি থানায় চারটি নাশকতার মামলা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁরা সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে আবদুল খালেককে আটক করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম আবদুর রাজ্জাক ও আবদুল খালেককে আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন।
মুঠোফোনে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান আবদুর রাজ্জাক দাবি করেন, তিনি ৩৯২টি কার্ডের কোনো তালিকা নিজে করেননি। সদস্যদের কার্ডের তালিকা করার দায়িত্ব দিয়েছিলেন। পরে তিনি জানতে পারেন, কার্ডের কিছু অনিয়ম হয়েছে। এ জন্য ইউএনও বরাবর গত মঙ্গলবার আবেদন করেন।
জেলা প্রশাসক আবদুর রহিম বলেন, ইউএনওকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। মনিটরিং কমিটি করা হয়েছে। কমিটি চাল বিক্রির কেন্দ্র পরিদর্শন করবে।
ইউএনও নুর উদ্দিন আল ফারুক বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রত্যেক চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে, অনিয়ম থাকলে তা দ্রুত সংশোধনের ব্যবস্থা করতে।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আবদুর রাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।