ইউপি সদস্য প্রার্থীর ছেলেকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্য প্রার্থীর ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে অচেতন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত যুবকের নাম আশিকুর রহমান (২৩)। তিনি ইউপি সদস্য প্রার্থী ছিনু মিয়ার ছেলে।
আশিকুরের ছোট ভাই সাকিবুল হাসান সাংবাদিকদের জানায়, গতকাল বুধবার রাতে নিজেদের একটি মৎস্য খামারের প্রহরা ঘরে ঘুমিয়েছিলেন আশিকুর। আজ ভোরে সে (সাকিবুল) ওই খামারে হাঁসের খোঁজ করতে যায়। খামারে ঢুকে সে প্রহরা ঘরের দরজাটি সামান্য খোলা দেখতে পায়। তখন সে ভেতরে উঁকি দিয়ে দেখে, রক্তাক্ত অবস্থায় তার ভাই আশিকুর মাটিতে পড়ে আছেন। তখন সে চিৎকার শুরু করলে বাড়ি থেকে লোকজন ছুটে আসেন।
আশিকুরের মা ফাতেমা আক্তার বলেন, তাঁর স্বামী ছিনু মিয়াকে নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে একটি মহল এ ঘটনা ঘটিয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।