ইউপি সদস্যকে উত্ত্যক্ত করায় যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্যকে (সংরক্ষিত) উত্ত্যক্ত করার অভিযোগে আবদুস সাত্তার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই যুবককে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাত-আট বছর আগে ওই ইউপি সদস্যের স্বামী মারা যান। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। সাত্তার কয়েক দিন ধরে মুঠোফোনে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ছাড়া মুঠোফোনে কুরুচিপূর্ণ বিভিন্ন খুদেবার্তাও পাঠান সাত্তার। এ ব্যাপারে গতকাল বুধবার বিকেলে ওই ইউপি সদস্য থানায় সাত্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। এ পরিপ্রেক্ষিতে আজ বিকেল পাঁচটার দিকে পুলিশের একটি দল ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাত্তারকে আটক করে।

ওই ইউপি সদস্য অভিযোগ করেন, বুধবার বিকেলে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথেও সাত্তার মোটরসাইকেলে করে এসে তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সাত্তার দ্রুত পালিয়ে যান।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ গাজী আজ সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বলেন, সাত্তার বখাটে প্রকৃতির বলে এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থানা হাজতে থাকা অবস্থায় এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাত্তার কোনো মন্তব্য করতে রাজি হননি।