ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের এক সদস্যকে। তাঁর নাম নুর মোহাম্মদ ওরফে মাদু (৪৮)। তিনি মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি ইউনিয়নের বাজারপাড়া গ্রামে।
গতকাল শুক্রবার বেলা একটার দিকে মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাফত উল্লাহ বলেন, ইউপি সদস্য নুর মোহাম্মদের সঙ্গে খাসজমি লিজ নেওয়া নিয়ে কয়েকজনের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
বাজারপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ইউপি সদস্য নুর মোহাম্মদের ওপর দা নিয়ে হামলা চালায়। তাঁর মাথা ও ঘাড়ে কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ইউপি সদস্যকে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।